পবার তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
পবা প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার তিনটি ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের উপকারভোগী শনাক্ত করতে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে চলতি মাসের মধ্যেই উপজেলার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম শুরুর আশা করছে উপজেলা প্রশাসন।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে পবা উপজেলা পরিষদে ‘ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন।
প্রাথমিকভাবে নওহাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড, পারিলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও হরগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে চারজন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজার এ কাজে নিয়োজিত থাকবেন। তথ্য সংগ্রহ শেষে সরকারের নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হবে।
ইউএনও বলেন, কোনো ওয়ার্ডে উপকারভোগীর সংখ্যা আগে থেকে নির্ধারণ করা হয়নি। যাচাই-বাছাই শেষে প্রকৃত উপকারভোগীদের তথ্য অন্তর্ভুক্ত করা হবে। ভুল তথ্যের কারণে কেউ যেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি আরও জানান, তথ্য সংগ্রহের জন্য প্রায় ১৫৫ জনকে চূড়ান্ত করা হয়েছে। প্রয়োজনীয় ট্যাব সরবরাহ ও প্রশিক্ষণ শেষে পর্যায়ক্রমে তাঁদের মাঠে পাঠানো হবে। ফ্যামিলি কার্ডের তথ্য ভবিষ্যতে বিভিন্ন সরকারি সহায়তা কার্যক্রমেও কাজে লাগতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, নওহাটা পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান।
