রাবিতে যুক্তি ও নৈতিকতা নিয়ে সেমিনার
রাবি প্রতিনিধি: বিজ্ঞান, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার গুরুত্ব তুলে ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘সাম্প্রতিক বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার প্রাসঙ্গিকতা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ। সহযোগিতায় ছিল রেণু স্মৃতি ট্রাস্ট।
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মো. আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক শামীমা আক্তার।
অধ্যাপক মো. আব্দুল আলিম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির এ সময়ে প্রতিটি কাজের ক্ষেত্রে যুক্তি ও নৈতিকতার বিষয়টি গুরুত্বপূর্ণ। কৃষিতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কীটনাশক ও রাসায়নিকের অনুপযুক্ত ব্যবহার নিয়েও ভাবতে হবে। উৎপাদনের প্রয়োজনীয়তা ও পদ্ধতি নির্ধারণে যুক্তি এবং নৈতিক দায়বদ্ধতা বিবেচনা করা জরুরি।
অধ্যাপক মামুনুর রশীদ বলেন, যুক্তিবিদ্যা মানুষকে বাস্তবতা বিচার, প্রশ্ন করা ও সত্যতা যাচাই করতে শেখায়। আর নীতিবিদ্যা নির্ধারণ করে অর্জিত জ্ঞান ও নতুন উদ্ভাবন কীভাবে এবং কতটা ব্যবহার করা উচিত। কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারের প্রেক্ষাপটে দর্শন বিভাগের পাঠ্যক্রম যুগোপযোগী করার ওপরও গুরুত্ব দেন তিনি।
দিনব্যাপী সেমিনারে তিনটি অধিবেশনে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার প্রাসঙ্গিকতা নিয়ে মোট ১৬টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রথম অধিবেশনে যুক্তিবিদ্যা বিষয়ে আটটি এবং পরবর্তী দুটি অধিবেশনে নীতিবিদ্যা বিষয়ে আটটি প্রবন্ধ উপস্থাপিত হয়।
অধিবেশনগুলোতে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম এবং রাবির অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।
