পবায় ৬৫ নারী উদ্যোক্তাকে ব্যাংকিং ও এআই প্রশিক্ষণ
রাজশাহী প্রতিনিধি: নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের দক্ষতা বাড়াতে রাজশাহীর পবা উপজেলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ৬৫ জন নারী উদ্যোক্তার হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
পবা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব দক্ষতা ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি পণ্যের প্রচার ও বিপণন সহজ করবে। নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির আয়োজনে এ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল উইমেন ব্যাংকিং)। এতে প্রধান আলোচক ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন।
তিনি বলেন, নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী হতে প্রচলিত ব্যবসায়িক জ্ঞানের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে। ব্যাংকিং সেবা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে সঞ্চয়, ঋণ ও আর্থিক লেনদেনে তাঁরা সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন। এআই ও ডিজিটাল বিপণন কাজে লাগিয়ে কম খরচে আরও বেশি ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নারী উদ্যোক্তারা তাঁদের ব্যবসার পরিধি বাড়াবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য উম্মে হাজ সিদ্দিকা। সংগঠনটির জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ব্যাংক পিএলসির রাজশাহী শাখার ব্যবস্থাপক মো. আলম খান, ব্যাংকটির হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তানজেরী হক, অ্যাসোসিয়েট ম্যানেজার শাকিল আহমেদ হিমেল, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সাবেক সহসভাপতি রোকসানা পারভীন এবং সংগঠনটির রাজশাহী শাখার সভাপতি সারিকা।
আয়োজকেরা জানান, দুই দিনের প্রশিক্ষণে ব্যাংকিং সেবা, আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল লেনদেন, ব্যবসায় এআইয়ের ব্যবহার, অনলাইন বিপণন ও আধুনিক ব্যবসা পরিচালনার কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।
আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে নারী উদ্যোক্তারা আর্থিক ব্যবস্থাপনায় আরও সচেতন হবেন এবং আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে নিজেদের ব্যবসা সম্প্রসারণে সক্ষমতা অর্জন করবেন।
