সৈয়দপুর রেলকারখানা পরিদর্শনে মন্ত্রী, কোচ সংস্কারে মান বজায় রাখার নির্দেশ
সৈয়দপুর প্রতিনিধি: রেলসেবার মানোন্নয়ন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রেলকোচ সংস্কারে গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে কঠোর নির্দেশনা দেন।
পরিদর্শনকালে মন্ত্রী রেলকোচের জানালা সংস্কারকাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় সংস্কারকাজে ব্যবহৃত উপকরণের মান, কাজের গুণগত মান ও স্থায়িত্বের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী বলেন, মানসম্মত সংস্কার, নিরাপদ যাত্রা ও উন্নত যাত্রীসেবা, রেলওয়ের প্রতিটি কার্যক্রমে এসব লক্ষ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রেলকোচ সংস্কারে কোনো ধরনের গুণগত ত্রুটি যেন যাত্রীসেবার মান ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
