রাবি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আকতার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলের শিক্ষক ড. ফজলুল হক তুহিন। ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের চ্যান্সেলর পুরস্কার, কৃতী শিক্ষার্থী পুরস্কার, উপাচার্য পুরস্কার, মেধা পুরস্কার, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও চৌকশ শিক্ষার্থী পুরস্কার প্রদান করা হয়। উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম কৃতী শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে অধ্যবসায় ও নিয়মিত অনুশীলন করতে হবে। মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম বলেন, কৃতী শিক্ষার্থীদের অর্জন অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস। আজকের শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
