রাবিতে ৬২ শিক্ষার্থী পেলেন তিন ধরনের বৃত্তি
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ৬২ শিক্ষার্থীকে তিন ধরনের বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে বিভাগের ফজলুল হালিম চৌধুরী গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম।
বিভাগের সভাপতি প্রফেসর মো. রিজাউল করিম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রফেসর মোহাম্মদ তৌফিক আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক ড. মো. ছাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিভাগের স্নাতক পর্যায়ের ৩৯ জন অসচ্ছল শিক্ষার্থীকে ‘সানজিদা রহমান স্কলারশিপ’ এবং ১৭ জন অসচ্ছল শিক্ষার্থীকে ‘প্রফেসর এম আনিছুর রহমান স্কলারশিপ’ প্রদান করা হয়। এ ছাড়া স্নাতকোত্তর পর্যায়ের ছয়জন কৃতী শিক্ষার্থীকে দেওয়া হয় ‘ইউএসএ-কানাডা মেরিট স্কলারশিপ’।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বৃত্তির সুযোগ দায়িত্বশীলতার সঙ্গে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, এসব বৃত্তির মাধ্যমে বৃত্তিদাতাদের বিভাগের প্রতি মমত্ববোধ এবং উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করার আগ্রহ প্রকাশ পেয়েছে।
উপাচার্য আরও জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পরিচালিত উদ্ভাবনী গবেষণার প্রতি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহ বাড়ছে। আগামীতে দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় শিল্প, প্রযুক্তি ও চাকরিদাতা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে আসবে বলে জানিয়েছে। এর মাধ্যমে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবরেশন’-এর নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং এ সুযোগের সদ্ব্যবহার করে লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি বৃত্তির জন্য অর্থ দানকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি অন্যদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
