উত্তরবঙ্গের সংগীতশিল্পী ফারুক ভূঁইয়া আর নেই
নীলফামারী প্রতিনিধি: উত্তরবঙ্গের সংগীতজগতের বিশিষ্ট সুরসাধক ও সংগঠক ফারুক ভূঁইয়া আর নেই। মঙ্গলবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বুধবার (১৪ অক্টোবর) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার কলেজ স্টেশন হারোয়া এলাকায় নিজ বাড়িতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ফারুক ভূঁইয়া। পরে স্বজনরা তাঁকে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সংগীতের প্রতি গভীর অনুরাগ ও দীর্ঘদিনের সাধনার মাধ্যমে উত্তরবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিলেন ফারুক ভূঁইয়া। নিজ উদ্যোগে তিনি কিংবদন্তি শিল্পী প্রয়াত ফিরোজ সাঁই ও পিলু মমতাজ স্মৃতি সংসদ প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ২৫ বছর ধরে এই সংগঠনের মাধ্যমে দেশের বিভিন্ন গুণী শিল্পীকে সম্মাননা দিয়ে আসছিলেন তিনি।
চলতি বছরের ২৯ আগস্ট নীলফামারী শহীদ মিনারে স্মৃতি সংসদটির ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। তাঁর উদ্যোগে আয়োজিত এসব সাংস্কৃতিক কর্মকাণ্ড উত্তরবঙ্গের সংগীত ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সহকর্মীদের তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত একটি কালজয়ী গানের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ফারুক ভূঁইয়া। সেটিই ছিল তাঁর জীবনের শেষ মঞ্চ পরিবেশনা।
নীলফামারী ও এ অঞ্চলের মানুষের প্রতি তাঁর ছিল গভীর ভালোবাসা। স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গও তাঁর সংগীতচর্চায় উঠে এসেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্রাদ্ধ’ কবিতায় নীলফামারী বাজারের ঐতিহ্যবাহী বেগুনের উল্লেখ রয়েছে, যা ফারুক ভূঁইয়া তাঁর গানের সুরেও তুলে ধরেছিলেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে উত্তরবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণে সংগীতাঙ্গন একজন নিবেদিতপ্রাণ সাধক ও সংগঠককে হারাল।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) বাদ মাগরিব নীলফামারী কলেজ স্টেশন আদর্শ হাইস্কুল মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে নীলফামারী কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
ফারুক ভূঁইয়ার মৃত্যুতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন।
