চারঘাট সীমান্তে ১০৭ বোতল ভারতীয় মদ জব্দ
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে ১০৭ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে চারঘাট উপজেলার টাংগন ঈদগাহ ময়দানের পাশের একটি কাঁচা রাস্তা থেকে এসব মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টাংগন ঈদগাহ ময়দানের পাশের কাঁচা রাস্তা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।
এ তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশের জঙ্গলে অবস্থান নিয়ে ফাঁদ পাতেন। একপর্যায়ে বস্তা মাথায় করে এক ব্যক্তিকে ওই রাস্তা দিয়ে যেতে দেখেন তাঁরা। বিজিবি সদস্যরা তাঁকে ধরতে ধাওয়া করলে তিনি বস্তাটি ফেলে পালিয়ে যান।
পরে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ১০৭ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের মালিক পাওয়া যায়নি।
বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালান, মাদকদ্রব্য প্রবেশ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) আওতাধীন সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার রয়েছে বলে জানায় বিজিবি।
