রাবির তিন ভবনে বসছে ৫ লিফট, পরিদর্শনে উপাচার্য
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনটি একাডেমিক ভবনে পাঁচটি লিফট স্থাপন করা হচ্ছে। শিক্ষার্থী ও শিক্ষকদের চলাচল সহজ করার পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে লিফট স্থাপনের উপযুক্ত স্থান নির্ধারণে ভবনগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় বিজ্ঞান ভবনে দুটি, তৃতীয় বিজ্ঞান ভবনে দুটি এবং মমতাজউদ্দিন আহমেদ কলা ভবনে একটি লিফট স্থাপন করা হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছ থেকে বরাদ্দ অনুমোদন পাওয়া গেছে। শিগগিরই লিফট স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, চার-পাঁচতলা ভবনে ওঠানামা করতে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রায়ই সমস্যায় পড়তে হয়। বিশেষ করে উঁচু ভবনগুলোতে চলাচল সহজ করতে ইউজিসির কাছে লিফট স্থাপনের আবেদন করা হয়েছিল। সম্প্রতি পাঁচটি লিফটের অনুমোদন ও বাজেট পাওয়া গেছে।
তিনি বলেন, লিফট স্থাপনের উপযুক্ত স্থান নির্ধারণের জন্য প্রকৌশল ও প্রশাসনসংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের প্রতিনিধিদের নিয়ে ভবনগুলো পরিদর্শন করা হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলের সুবিধার বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে শারীরিক প্রতিবন্ধকতার মুখোমুখি শিক্ষার্থীদের প্রবেশ ও চলাচল সহজ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ভবিষ্যতে নতুন অবকাঠামো নির্মাণের ক্ষেত্রেও র্যাম্প ও লিফটের মতো প্রয়োজনীয় সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।
উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের যেসব উঁচু ভবনে এখনো লিফট নেই, সেগুলোতেও পর্যায়ক্রমে লিফট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থী ও শিক্ষকদের চলাচল সহজ করার পাশাপাশি শিক্ষাঙ্গনকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আরও প্রবেশগম্য করে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রশাসনসংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
