পবায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, নিয়মিত হাত ধোয়ার আহ্বান ইউএনওর
রাজশাহী প্রতিনিধি: স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নওহাটা পৌর প্রশাসক মো. ইবনুল আবেদীন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে নওহাটা পৌরসভা চত্বরে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। নওহাটা পৌরসভা এ অনুষ্ঠানের আয়োজন করে।
ইবনুল আবেদীন বলেন, আধুনিক টয়লেট ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া জরুরি। সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস সর্দি-কাশি, ডায়রিয়া ও পেটের বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়তা করে। বিশেষ করে শিশুদের খাবার খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো প্রয়োজন। দৈনন্দিন জীবনে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে অনেক রোগের ঝুঁকি কমানো সম্ভব।
এর আগে ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ!’ প্রতিপাদ্য সামনে রেখে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে নওহাটা পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, মেডিকেল কর্মকর্তা ডা. মো. ওয়ালিউল ইসলাম খান, হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দিবসটি পালিত হয়।
