বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি, রাজশাহীতে গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভাগীয় ক্রিকেট দলের মালামাল বহনকারী কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া মালামালের একটি বড় অংশ উদ্ধার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, ম্যাসাজ বেড, লাগেজ, চারটি প্লাস্টিকের বাক্স, নগদ আট হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চারঘাট উপজেলার চামটা গ্রামের মো. মোজাম্মেল হক (৩২), পুঠিয়ার গণ্ডগোহালী জামতলা গ্রামের মো. সোহান রহমান (২৩), বারইপাড়া গ্রামের মো. রুবেল আহমেদ (৩৮) এবং তারাপুর গ্রামের মো. শাহাদাত হোসেন (৫২)।
পুলিশ জানায়, গত ১৩ অক্টোবর বিসিবির বিভাগীয় ক্রিকেট দলের মালামাল নিয়ে একটি কাভার্ড ভ্যান ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়। পরদিন ভোরে পুঠিয়ার তারাপুর এলাকায় চলন্ত ভ্যানের পেছনের তালা ভেঙে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আটটি লাগেজ চুরি করে। পরে রাজশাহীর একটি হোটেলে মালামাল নামানোর সময় ৫৪টি লাগেজের মধ্যে আটটি না থাকার বিষয়টি ধরা পড়ে।
এ ঘটনায় ক্রিকেটার এস এম মেহেরব হাসান রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের নির্দেশনায় তদন্তে নামে ডিবি পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে শাহাদাত হোসেনের বাড়ি থেকে মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজশাহী, টাঙ্গাইল ও নাটোরে পাঁচটি মামলা রয়েছে। সোহান ও রুবেলের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি করে মামলা রয়েছে।
