রাজশাহীতে বিজিবির অভিযান: গাঁজাসহ আটক ১, পলাতক ১
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর জাহাজঘাট এলাকায় অভিযান চালিয়ে ১ দশমিক ৪ কেজি ভারতীয় গাঁজা ও দুটি মোবাইল ফোনসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আরও একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন তালাইমারী বিওপির একটি আভিযানিক দল নগরীর মতিহার থানাধীন জাহাজঘাট নদীর পাড় এলাকায় এ অভিযান চালায়।
আটক ব্যক্তির নাম মো. রোমান (২২)। তাঁর বাড়ি নীলফামারী জেলায়। পলাতক ব্যক্তির নাম মো. সুমন রেজা (৩৫)। তিনি রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর চরপাড়া এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, অভিযানে গাঁজা ছাড়াও দুটি ভিভো মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ জব্দ করা মালামাল মতিহার থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
