বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি: রাজশাহীতে উদ্ধার ৩ লাখ টাকা
রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল বহনকারী কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া তিন লাখ টাকা উদ্ধার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় এর আগে গ্রেপ্তার হওয়া পাঁচজনের একজনের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নগরীর কাজলা মৃধাপাড়ার একটি ভাড়া বাসা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন মো. মোজাম্মেল হকের (৩২) দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর ভাড়া বাসার শয়নকক্ষে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা একটি খাকি কাগজের প্যাকেট থেকে টাকা উদ্ধার করা হয়। প্যাকেটে ৫০০ টাকার নোটের ছয়টি বান্ডিলে মোট তিন লাখ টাকা ছিল।
এর আগে একই দিন ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, আট হাজার টাকা, একটি ম্যাসেজ বেড, একটি লাগেজ, চারটি প্লাস্টিকের বক্স, চুরির সরঞ্জাম ও চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন মো. রুবেল আহমেদ (৩৮) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ঘটনায় পুঠিয়া থানায় মামলা হয়েছে। চুরি হওয়া বাকি মালামাল উদ্ধার ও চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
