রাজশাহীতে ইউনিস্যাবের ক্লিন অ্যান্ড কেয়ার
Tarek Monower Yeasin
ভেরিফাইড রিপোর্টার
রাবি প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য উন্নয়ন ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে ‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার ২.০’ আয়োজন করেছে ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর রাজশাহী বিভাগ।
গত ৩ অক্টোবর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসরণ করে আয়োজিত এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল তরুণদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর সমাজ গঠনে ভূমিকা রাখা।
কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর বুধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিবেশবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি শিশুদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ও ফুলতলা পদ্মার পাড়ে পরিচ্ছন্নতা অভিযান চালান স্বেচ্ছাসেবীরা।
এ ছাড়া, তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় অনলাইন সেশনের আয়োজন করা হয়। এতে সাইকোচ বাংলাদেশ থেকে একজন বক্তা অংশ নেন। অন্যদিকে, রাজশাহীর সাঁওতাল পল্লিতে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসকেরা স্থানীয়দের চিকিৎসা পরামর্শ দেন এবং সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যপণ্য বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউনিস্যাবের উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. জহুরুল আনিস। অনুষ্ঠানে পরিবেশ ও জনস্বাস্থ্য উন্নয়নে তরুণদের স্বেচ্ছাসেবামূলক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রকল্পটি বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল গ্রোআপ (GrowUp)। এ ছাড়া চন্দ্রকলি ফাউন্ডেশন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), ইউনিস্যাব রাজশাহী অ্যালামনাই নেটওয়ার্ক, বেরলো কমিউনিকেশন্স ও রেডিও পদ্মা বিভিন্নভাবে সহযোগিতা করে।
উল্লেখ্য, ইউনিস্যাব তরুণদের দক্ষতা উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এসব উদ্যোগের মাধ্যমে নেতৃত্বের বিকাশ, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে কাজ করছে সংগঠনটি।
