দুর্গাপূজায় সম্প্রীতি ও সহাবস্থানের আহ্বান ভূমিমন্ত্রী মিনুর
রাজশাহী প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের মাধ্যমে শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
দুর্গাপূজা উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে ভূমিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব নয়; এটি অশুভ শক্তির বিনাশ, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা এবং শান্তি ও কল্যাণের প্রতীক।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ঐতিহ্যবাহী দেশ। এ দেশের প্রতিটি ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস, আচার-অনুষ্ঠান ও সংস্কৃতি পালন করবেন—এটাই প্রত্যাশা। ধর্মীয় বৈচিত্র্য বাংলাদেশের সৌন্দর্য ও শক্তি।
বাণীতে তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন, নিরাপদ, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে কাজ চলছে। দেশের উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে সব ধর্মের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।
তিনি আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ আরও বিকশিত করবে।
বাণীর শেষাংশে দেশের সব সনাতন ধর্মাবলম্বীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন ভূমিমন্ত্রী। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, কল্যাণ ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক।
সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ।
