রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল জব্দ
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও একটি ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৯৮ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ, ৯৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজা।
শনিবার (১৭ অক্টোবর) ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীনস্থ ইউসুফপুর বিওপি ও চারঘাট বিকল্প বিওপির আভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৮ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ, ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
এর আগে, শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১১টা ১০ মিনিটে চারঘাট থানার টাংগন পূর্বপাড়া পাকা রাস্তা এলাকায় অভিযান চালায় ইউসুফপুর বিওপির টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারে জড়িত সন্দেহভাজন ব্যক্তি একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলের হ্যান্ডেলের সঙ্গে বাঁধা পলিথিনে মোড়ানো অবস্থায় আরও ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি DAYUN ১০০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও মোটরসাইকেল চারঘাট মডেল থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সদস্যদের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রয়েছে বলেও জানানো হয়েছে।
