দুর্গাপূজার ছুটিতে রাবি ক্যাম্পাসের নিরাপত্তায় চার পুলিশি টহল দল
Tarek Monower Yeasin
ভেরিফাইড রিপোর্টার
দুর্গাপূজার ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আবাসিক হলসহ পুরো ক্যাম্পাসে সার্বক্ষণিক টহল দেবে পুলিশের চারটি দল। যেকোনো জরুরি প্রয়োজনে প্রক্টরের সঙ্গে যোগাযোগের নির্দেশনাও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পূজার এই ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টরিয়াল বডি ও হল প্রাধ্যক্ষদের সঙ্গে আলোচনা করেছেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। শনিবার সকালে অনুষ্ঠিত এসব আলোচনায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য শিক্ষা অধ্যাপক মামুনুর রশিদ।
আলোচনায় উপাচার্য জানান, ছুটিতে আবাসিক হলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন হল প্রাধ্যক্ষরা। এ ছাড়া ক্যাম্পাসে, বিশেষ করে আবাসিক হল এলাকায় সার্বক্ষণিক টহল দেবে পুলিশের চারটি দল। জরুরি প্রয়োজনে প্রক্টরের নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন সংশ্লিষ্টরা।
এ সময় প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ক্লাস এবং ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত অফিস বন্ধ থাকবে।
