সুনামগঞ্জে শতাধিক অসহায় মানুষের মাঝে দুর্গাপূজার বস্ত্র বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ।
রোববার দুপুরে সুনামগঞ্জ শহরের পশ্চিম নতুনপাড়ায় শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় অসহায় মানুষের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের প্রতিষ্ঠাতা হিমাদ্রী রায় প্রান্তের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি মহানামব্রত চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক কিরণ রায় বাপন, সাংগঠনিক সম্পাদক সুবল সরকার অক্ষয়, কোষাধ্যক্ষ বিজয় বণিক জয়, মহিলা সম্পাদিকা মলি রায়সহ সংগঠনের সদস্যরা।
বক্তারা বলেন, সনাতন ধর্ম সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয়। ধর্মীয় অনুশীলন ও প্রার্থনার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করা উচিত।
আলোচনা সভা শেষে অতিথিরা শতাধিক অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেন।
