দুর্গাপুরে ট্রাক থেকে ৭৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে ট্রাকের চালকের আসনের নিচে রাখা ব্যাগ থেকে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় শামীম রেজা (২৬) নামে এক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জনি আলী (২৮) নামে আরেক অভিযুক্ত পালিয়ে যান।
সোমবার (১৯ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটের দিকে দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামে আকরাম স্বর্ণকারের বাড়িসংলগ্ন পুরোনো পানহাটার সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
রাজশাহী জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মো. মামুন অর রশিদের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, গোপালপাড়া এলাকায় একটি ট্রাকে বিক্রির উদ্দেশ্যে মাদক নিয়ে দুই ব্যক্তি অবস্থান করছেন।
পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ট্রাকচালক শামীম রেজাকে আটক করে পুলিশ।
পরে ঢাকা মেট্রো-ট-২২-৬৫৫৫ নম্বরের ট্রাকটি তল্লাশি করে চালকের আসনের নিচে একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতরে ৩৮টি জিপারযুক্ত প্যাকেটে রাখা ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেপ্তার শামীম রেজা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের নুরুল ইসলামের ছেলে। অন্যদিকে, পলাতক জনি আলী একই উপজেলার দানিয়ালপুর গ্রামের তোহরুল ইসলামের ছেলে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার শামীম রেজা ও পলাতক জনি আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুর্গাপুর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
