রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, মাদকসহ নৌকা জব্দ
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৩৭৮ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট, ৯৪ বোতল ভারতীয় এসকুফ ও ৭ বোতল ফেয়ারডিল সিরাপ। জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ৭৮ হাজার ২০০ টাকা।
সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন খানপুর, সোনাইকান্দি ও খিদিরপুর বিওপির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও মালিকবিহীন ইঞ্জিনচালিত নৌকাটি জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় এবং নৌকাটি রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
