রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন
Tarek Monower Yeasin
ভেরিফাইড রিপোর্টার
রাবি প্রতিনিধি: গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তার চিকিৎসা দেওয়ার কথা রয়েছে।
এর আগে, সোমবার (১৯ অক্টোবর) রাজশাহীর বাগমারা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন চেসি ত্রিপুরা। দুর্ঘটনার পর তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তার মাথার ডান পাশে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় চেসি ত্রিপুরার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তার মাথার খুলি ফেটে যায়। চিকিৎসকেরা নিউরোসার্জারির পরামর্শ দেন। পরে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং ভেন্টিলেশনে রাখা হয়।
উপাচার্য বলেন, চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন যোগাযোগ করেছে। সেখানে তার জন্য আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র আগেই পাঠানো হয়েছে, যাতে পৌঁছানোর পর দ্রুত চিকিৎসা শুরু করা যায়।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে প্রশাসন সব সময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সুদূর বান্দরবান থেকে পড়াশোনা করতে আসা এই শিক্ষার্থীর পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। প্রয়োজন অনুযায়ী তার চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
উপাচার্য দেশবাসীর কাছে চেসি ত্রিপুরার দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সুস্থ হয়ে চেসি আবার সবার মাঝে ফিরে আসবেন।
