Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

বরগুনার মহাকাশ ক্যাম্পে রাবি সায়েন্স ক্লাবের শো

Tarek Monower Yeasin প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ 145 বার পঠিত
Tarek Monower Yeasin

Tarek Monower Yeasin

RU Correspondent · ID: RAJ-26005 · Rajshahi University
ভেরিফাইড রিপোর্টার
বরগুনার মহাকাশ ক্যাম্পে রাবি সায়েন্স ক্লাবের শো
ছবি : বরগুনায় ‘বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৬’-এ রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো প্রদর্শন।
Single News Top

রাবি প্রতিনিধি: তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি ও বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বরগুনায় অনুষ্ঠিত ‘বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৬’-এ বিজ্ঞান প্রদর্শনী করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি)।

গত ১৯ ও ২০ অক্টোবর বরগুনা সায়েন্স সোসাইটির আয়োজনে শহরের সার্কিট হাউস মাঠে দুই দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে রাবি সায়েন্স ক্লাবের সদস্যরা ২০টিরও বেশি চমকপ্রদ বৈজ্ঞানিক পরীক্ষা প্রদর্শন করেন।

ক্লাবের সাধারণ সম্পাদক ইফতিয়ান আহমেদের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ১৮ অক্টোবর বরগুনার উদ্দেশে যাত্রা করে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ক্লাবের প্রচার সম্পাদক মো. সোহান তানভীর, মিডিয়া সম্পাদক সোহান আহমেদ ও অর্গানাইজার মো. শহিদুল্লাহ।

প্রদর্শনীতে দৈত্যের ধোঁয়া, সারফেস টেনশন, ইনস্ট্যান্ট আইস, সিংগিং পাইপ, কালার ভ্যানিশ, ডান্সিং রেইসিন, এলিফ্যান্ট টুথপেস্ট ও ফ্লেম টাচসহ বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা উপস্থাপন করা হয়। প্রতিটি পরীক্ষার পর প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের বিজ্ঞানের বিভিন্ন বিষয় সহজভাবে বুঝতে এবং বিজ্ঞানচর্চায় আগ্রহী হতে সহায়তা করে।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাবি সায়েন্স ক্লাবের প্রদর্শনী শিক্ষার্থীদের কাছে বিজ্ঞানকে আনন্দময় ও সহজবোধ্যভাবে তুলে ধরেছে।

প্রদর্শনীতে অংশ নেওয়া বরগুনা সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, প্রতিটি পরীক্ষা ছিল মজার ও শিক্ষণীয়। এসব প্রদর্শনী দেখে বিজ্ঞানের প্রতি আগ্রহ বেড়েছে এবং নতুন কিছু শেখার অনুপ্রেরণা তৈরি হয়েছে।

রাবি সায়েন্স ক্লাব রাজশাহী, ঢাকা, মুন্সিগঞ্জ, নাটোরসহ দেশের বিভিন্ন জেলায় বিজ্ঞানচর্চা ও বিজ্ঞানমনস্কতা ছড়িয়ে দিতে কাজ করছে। বরগুনা সায়েন্স সোসাইটির আমন্ত্রণে মহাকাশ ক্যাম্পে অংশগ্রহণ সেই কার্যক্রমকে আরও এগিয়ে নিয়েছে বলে জানিয়েছে ক্লাবটি।

এদিকে, আসন্ন ‘৯ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা’-তে অংশ নিতে শিক্ষার্থী ও বিজ্ঞানপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।
 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে