Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ 37 বার পঠিত
নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবি : নিউ গভঃ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দিচ্ছেন সংসদ সদস্য শফিকুল হক মিলন।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কলেজ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

শিক্ষার্থীদের উদ্দেশে সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। মেধা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেম ধারণ করে তাঁদের এগিয়ে যেতে হবে। নিউ গভঃ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীরা নিজেদের সাফল্যের মাধ্যমে রাজশাহীর সুনাম বাড়াচ্ছেন। ভবিষ্যতে তাঁরা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নিউ গভঃ ডিগ্রি কলেজ রাজশাহীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন। কলেজটিকে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মতিউর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. রাশেদ করিম।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রাহিম আলী, রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চলের পরিচালক অধ্যাপক হুমায়ুন কবীর, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুর রউফ এবং সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক জুবাইদুর রহমান আল গালিব। এ ছাড়া কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে