Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত, কাজে ফিরছেন রামেকের ইন্টার্ন চিকিৎসকেরা

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ 34 বার পঠিত
প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত, কাজে ফিরছেন রামেকের ইন্টার্ন চিকিৎসকেরা
ছবি : প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত, কাজে ফিরছেন রামেকের ইন্টার্ন চিকিৎসকেরা—ডা. শেখ শামীম আহমেদ।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকে তাঁরা পুনরায় কাজে যোগ দেবেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের পরিচালকের সঙ্গে কয়েক দফা আলোচনার পর ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেন।

এর আগে, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট সমাধান এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের ২৫২ জন ইন্টার্ন চিকিৎসক। তাঁদের কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়। দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

রোগী ও তাঁদের স্বজনেরা জানান, হাসপাতালে ওষুধের সংকটের পাশাপাশি চিকিৎসক না থাকায় তাঁরা বিপাকে পড়েছেন। অনেকে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে বিকল্প ব্যবস্থা করতে না পারায় নিম্ন আয়ের রোগীদের দুর্ভোগ আরও বেড়েছে।

আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকেরা জানান, হাসপাতালের বিভিন্ন ভর্তি ওয়ার্ডে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্ব পালনরত আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও সংঘবদ্ধ হুমকির মুখে পড়তে হচ্ছে।

তাঁদের আরও অভিযোগ, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। সীমিত জনবল ও অপ্রতুল চিকিৎসাসামগ্রী নিয়ে রোগীদের সেবা দিতে গিয়ে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।

প্রশাসনের আশ্বাসের পর কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্তে শুক্রবার থেকে হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক ধারায় ফিরবে বলে আশা করা হচ্ছে।
 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে