প্রতিমন্ত্রীর পদত্যাগের ঘোষণা ইশরাকের, বললেন ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’
সিক্সটিন ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ঘোষণা দেবেন বলে নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, “আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।”
পোস্টে তিনি আরও লেখেন, “ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।”
প্রতিমন্ত্রীর পদ ছাড়ার পরও মাদকের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইশরাক। তিনি লেখেন, “এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”
নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করার পাশাপাশি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফরের কথা জানান।
পোস্টের শেষাংশে ইশরাক হোসেন লেখেন, “মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!”
তবে ফেসবুক পোস্টে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানালেও, এ পর্যন্ত পদত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি।
