সাত মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার
রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে সাত মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা রিকশাচালক কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় তুরাগের কামারপাড়া এলাকার ফুলবাড়িয়া বস্তিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে তার মৃত্যু হয়।
নিহত শিশুর নাম রাফা।
সে পরিবারের একমাত্র সন্তান। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে।
বর্তমানে পরিবারটি তুরাগের ওই বস্তিতে বসবাস করছিল।
শিশুটির মা লিমা আক্তার জানান, বুধবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে কবির তার কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মারেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে বুধবার মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে শিশুটির মৃত্যু হয়।
স্বজনদের অভিযোগ, কবির হোসেন নিয়মিত কাজ করতেন না। মাঝেমধ্যে মাদক সেবন করতেন বলেও তারা জানান। এসব বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে বুধবার রাতেই শিশুটির বাবা কবির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে মায়ের কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে আছাড় মারেন তিনি। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর কবির হোসেনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।