মালয়েশিয়ায় ভূমিধসে নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক: মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের তানাহ টিঙ্গি লজিং এলাকায় ভয়াবহ ভূমিধসে নিখোঁজ বাংলাদেশি শ্রমিক মো. ফাহাদ হোসেনের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কে-৯ কুকুরের সংকেতের ভিত্তিতে মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সবজি ক্ষেতে ভূমিধসে মাটিচাপা পড়ে নিখোঁজ হন ফাহাদ। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট (JBPM) অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।
রোববার JBPM-এর কে-৯ ইউনিটের ‘ফ্রাঙ্কি’ নামের একটি ট্র্যাকার কুকুর ঘটনাস্থলের একটি নির্দিষ্ট স্থানে মাটি খুঁড়ে সংকেত দেয়। পরে স্কেভেটর দিয়ে মাটি খনন করে দুপুর ১২টা ৫৫ মিনিটে ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ২০ সদস্য, বিশেষ স্টর্ম (STORM) টিম এবং কে-৯ ইউনিটের তিনটি ট্র্যাকার কুকুর অংশ নেয়।
গুয়া মুসাং জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু জানান, মরদেহটি আইনানুগ প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহত ফাহাদের বাংলাদেশে অবস্থানরত পরিবারের সুনির্দিষ্ট ঠিকানা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
