বাংলাদেশ-সারওয়াক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী প্রতিনিধিদলকে আমন্ত্রণ
নিউজ ডেস্ক: বাংলাদেশ ও মালয়েশিয়ার সারওয়াক রাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। এর অংশ হিসেবে সারওয়াকের রাজধানী কুচিংয়ে স্থানীয় ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও বাণিজ্য সংগঠনের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে হাইকমিশনের একটি প্রতিনিধিদল।
শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত এসব বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। এতে সারওয়াক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পেতার চাই মুইনসেং, সারওয়াক ফার্মাসিউটিক্যাল সোসাইটির জেনারেল সেক্রেটারিসহ বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা অংশ নেন।
বৈঠকে ডেপুটি হাইকমিশনার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও শিল্পখাতের সম্ভাবনা তুলে ধরেন। তিনি সারওয়াকের উদ্যোক্তাদের বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে ব্যবসা-টু-ব্যবসা (B2B) যোগাযোগ ও নেটওয়ার্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।
আলোচনায় তৈরি পোশাক ও টেক্সটাইল, খাদ্য ও কৃষিপণ্য, হালাল শিল্প এবং ফার্মাসিউটিক্যালস খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের বাজার সম্প্রসারণ, প্রক্রিয়াজাত খাদ্য ও কৃষিপণ্য বাণিজ্য, হালাল শিল্পে যৌথ বিনিয়োগ এবং বাংলাদেশি ওষুধ সারওয়াকের বাজারে সরবরাহের বিষয়গুলো গুরুত্ব পায়।
ফার্মাসিউটিক্যাল খাতের উদ্যোক্তাদের সঙ্গে পৃথক বৈঠকে বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতা, উচ্চমানের ওষুধ রপ্তানি এবং সারওয়াকের বাজারে এসব পণ্য সরবরাহের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া সারওয়াকে আয়োজিত বাংলাদেশ প্যাভিলিয়নে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে বাংলাদেশের পণ্য ও সেবা প্রদর্শন নিয়েও মতবিনিময় হয়। এ সময় সারওয়াকের ব্যবসায়ী প্রতিনিধিদলকে বাংলাদেশে অনুষ্ঠিতব্য বিভিন্ন বাণিজ্য ও রপ্তানি মেলায় অংশ নিতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডেপুটি হাইকমিশনার।
বৈঠকগুলোতে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলামসহ মিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
