রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসে ছেলেদের এককে চ্যাম্পিয়ন থাইল্যান্ডের লিকুল
Reporter
ভেরিফাইড রিপোর্টার
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের ছেলেদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন থাইল্যান্ডের লিকুল পার্টচারাপুল। শনিবার (১০ অক্টোবর) সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে চাইনিজ তাইপেইয়ের জিচে চেনকে ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে শিরোপা জেতেন তিনি।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে দুই সেটেই দারুণ লড়াই হয়। প্রথম সেটে ৬-৪ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় সেটে ৭-৫ গেমে জয় নিশ্চিত করেন লিকুল।
তবে এককে রানার্সআপ হলেও ছেলেদের দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন চাইনিজ তাইপেইয়ের জিচে চেন ও ওয়েই-চেং ট্যাং জুটি। শুক্রবার রাতে অনুষ্ঠিত ফাইনালে তারা ভারতের শিব মোহন ও আরভ ছাল্লানি জুটিকে ৬-৩, ৬-২ গেমে হারান।
মেয়েদের একক ও দ্বৈত—দুই ইভেন্টেই শিরোপা জিতেছে চীন। এককে চ্যাম্পিয়ন হয়েছেন জিমো সঙ। আর দ্বৈতে শিরোপা জিতেছেন চীনের সিয়াং জিয়াং ও শুয়াং জু জুটি।
গত ৫ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশসহ ১০ দেশের শতাধিক খেলোয়াড় অংশ নেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকুসহ আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
